Posted by admin on 2026-02-03 08:33:02 | Last Updated by admin on 2026-02-16 08:27:04
Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 14
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিএনপির এক সাবেক সাধারণ সম্পাদকসহ ছয় নেতাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান এলাকার রাহাতুল জান্নাত মহিলা মাদ্রাসা সংলগ্ন স্থান থেকে যৌথবাহিনী তাদের আটক করে। অভিযোগ রয়েছে, তারা ধানের শীষের প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর পক্ষে ভোটারদের মধ্যে অর্থ বিতরণ করছিলেন।
জানা যায়, বগাজান এলাকায় ২৫ থেকে ৩০ জনের একটি দল ভোটারদের মাঝে টাকা দিচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালায়। অভিযানে সাতজনকে আটক করা হয়। পরে ঘটনার সত্যতা নিশ্চিত হলে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম কাউসার জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। অপর একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার মায়ের উপস্থিতিতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
অভিযান ও আদালত পরিচালনার সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবালা হোসাইন এবং ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—ভান্ডাবো এলাকার মৃত ওয়াহেদ মুন্সীর ছেলে উপজেলা বিএনপির সদস্য আব্দুল হামিদ কারি (৭৬), বগাজান এলাকার মৃত হোসেন আলী শেখের ছেলে শামসুদ্দিন (৭৫), মৃত আক্কাস আলীর ছেলে মো. মেহেদী হাসান (৪০), ইব্রাহিম মাস্টারের ছেলে তানভীর (৪০), আবুল কাশেমের ছেলে গোলাম রাব্বি (৩০) এবং পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার যশরা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. শহিদ (৫৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ওসি মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত ছয়জনকে গ্রেপ্তার করে রাতেই জেলহাজতে পাঠানো হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও ফিরোজ হোসেন বলেন, ধানের শীষের প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-ঘ-১৬-৩৩৯৩), নগদ অর্থ ও একটি হিসাবের খাতা জব্দ করা হয়েছে। ওই খাতায় বিভিন্ন মহল্লায় কবে কত টাকা বিতরণ করা হয়েছে বা করা হবে—সে সংক্রান্ত তথ্য পাওয়া গেছে।